সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
গত বছর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী। তৃতীয় সংসার শুরু করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বেশ কটাক্ষের শিকার হতে হয় এই শিল্পীকে। ‘নোংরা’ মন্তব্যের শিকার হন তিনি। পাশাপাশি কেন বারবার সংসার ভাঙছে এ প্রশ্নও ওঠে। সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে সব সময় খোলামেলা মন্তব্য করে আসছেন এই গায়িকা। ন্যান্সি বলেন, ‘অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়।’
গীতিকার মহসিন মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছেন ন্যান্সি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মনে হয়, ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাত রয়েছে। প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদীর প্রতি আমার অনেক আস্থা। এই আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমরা বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যাসন্তানও আছে।’
অনেকে মনে করে মেহেদীর চেয়ে বয়সে অনেক ছোট ন্যান্সি। কিন্তু এ তথ্য উড়িয়ে দিয়ে ন্যান্সি বলেন, ‘মেহেদীর চেয়ে আমি ৯ধবছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোট-বড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়।’
ন্যান্সি দেশ রূপান্তরকে জানান, তৃতীয় সংসারে আমি বেশ ভালো আছি। তবে এ নিয়েও আলোচনা কম হয়নি। তাই মেহেদীর সঙ্গে সংসার জীবনে কেমন আছেন, তা নিয়েও কথা বলেছেন। ন্যান্সি বলেন, ‘বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু সমস্যা হলো, আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই। আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেনও না। কিন্তু ফেইসবুকে টুক করে একটা মন্তব্য করে বসেন। তারা আসলে কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এসব কারণে আমি হতাশ হয়ে যেতাম। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়ত। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।’