সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি তার ভক্তদের নতুন খবর দিলেন। তা হলো তিনি মা হচ্ছেন। সোমবার রাতে ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। মাহি লিখেছেন, ‘জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না। প্রচ- আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার, আইরিন, জাহারা মিতু, অভিনেতা ইমনসহ অনেকে। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহি; তাদের সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর তার সঙ্গে বিচ্ছেদের পর কামরুজ্জামানকে বিয়ে করেন মাহি।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে মাহি অভিনীত ‘লাইভ’। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সাইমন সাদিক। মাহি এখন তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে রয়েছেন।