রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দীর্ঘদিন পর্দার বাইরে। প্রথম সন্তানের মা হয়েছেন, তাই এই বিরতি। তিশা এরই মধ্যে কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তা বোঝা গেল সম্প্রতি তার ফেইসবুক পেজ দেখে। তিনি একটি জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিনের কভার ফটো শেয়ার করেছেন। সেখানে যেন সেই আগের তিশা। অতিরিক্ত ওজন ঝরিয়ে একেবারে ঝরঝরে তিশা। প্রিয় তারকাকে এমন রূপে আবার দেখে চমকে গিয়েছেন ভক্তরা।
ভক্তদের জন্য চমক এখানেই শেষ নয়! তিশা তার নতুন ছবির লুকে হাজির হয়ে ফের চমকে দিয়েছেন দর্শককে। অনেকেই জানেন, ঐতিহাসিক চরিত্র প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’য় অভিনয় করেছেন তিশা। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। গত ২৪ সেপ্টেম্বর ছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস। এ উপলক্ষে প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুক টিজার। ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। প্রীতিলতা চরিত্র প্রসঙ্গে তিশা বলেন, ‘যেকোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বড় একটা দায়িত্ব কাঁধে চলে আসে। অনেক ভয় লাগে। কেননা এসব চরিত্রে মানুষের প্রত্যাশা বেশি থাকে। প্রীতিলতা কী করেছেন, তা জানতাম কিন্তু তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন এসব বিষয়ে অবগত নই। তাকে আমরা দেখিনি, তার কোনো ভিডিও নেই। বই পড়ার মাধ্যমে যতটুকু অবগত হয়েছি, সেটার ওপর ভিত্তি করে চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটা দর্শক দেখবেন। তারাই বলবেন আমরা সফল কি-না।’ ছবির শ্যুটিং, ডাবিংসহ সব কাজ প্রায় শেষ। এখন চলছে কালার গ্রেডিংয়ের কাজ। আগামী অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে ছবির ট্রেলার আসবে। ছবি প্রসঙ্গে তিশা বলেন, ‘দর্শকরা অনেক দিন ছবি থেকে দূরে ছিলেন। এখন অনেক ভালো ভালো ছবি আসছে। আশা করি, আমার “প্রীতিলতা”ও দর্শকের ভালো লাগবে।’
ছবিতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। ছবির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার।
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে সারা দেশে সিনেমাটি মুক্তি পেতে পারে। পরিচালক প্রদীপ বলেন, ‘আত্মত্যাগের ৯০ বছর পর এই বীরকন্যাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য কোনো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটি একটি আর্কাইভাল সিনেমা হবে। অনেক দিনের পরিশ্রমের ফসল এই সিনেমা।’