রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারিত হয়েছিল টেলিছবি ‘চিরকুমার সংঘ’। গোলাম রাব্বানীর রচনায় টেলিছবিটির পরিচালক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ওই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল টেলিছবিটি। এবার ‘চিরকুমার’ নামে একই চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। রচনায় আছেন যথারীতি গোলাম রাব্বানী, তবে বদল এসেছে পরিচালনায়। তুহিন হোসেনের পরিচালনায় ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ধারাবাহিকটির শ্যুটিং। এটিই তুহিনের প্রথম ধারাবাহিক। অভিনয় করছেন মারজুক রাসেল, সালাহউদ্দিন লাভলু, আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পী আশরাফ, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহাসহ অনেকে। রচয়িতা গোলাম রাব্বানী বলেন, ‘ভিউ কালচারের এই সময়ে ধারাবাহিকের গল্প লেখা বেশ চ্যালেঞ্জের। নির্মাতা ও আমি দর্শকের পয়েন্ট অব ভিউ থেকে গল্পটা দেখার চেষ্টা করেছি। বেশ কয়েকবার আমরা একসঙ্গে বৈঠক করার পর এই প্লটটি চূড়ান্ত করেছি।’ নির্মাতা তুহিন বলেন, ‘এর আগে একক নাটক ও টেলিছবি নির্মাণ করলেও এটি আমার প্রথম ধারাবাহিক। শুরু থেকে গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। রাব্বানী ভাই আমাকে অনেক সময় দিয়েছেন বলেই মনের মতো একটা গল্প পেয়েছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’ ২ নভেম্বর থেকে সপ্তাহে চার দিন ধারাবাহিকটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা।