রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
‘বিশ্বসুন্দরী’র পর নিজের কাজ নিয়ে সেভাবে আলোচনায় আসেননি সুন্দরী চিত্রনায়িকা পরীমণি। আলোচনায় তিনি বরাবরই, তবে তা ব্যক্তিজীবন ও বিতর্কিত বিষয়ে। তবে সন্তান কোলে আসার পর পরী যেন বেশ চুপচাপ। একান্ত সময় কাটাচ্ছেন। তবে তিনি যেন বেশিদিন আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন না। তাইতো নিজের কারণেই আবার আলোচনায় এই নায়িকা। এবং এবারের এই আলোচনায় অনেকে আবার খারাপ কিছুরও ইঙ্গিত খুঁজছেন। পরীমণির স্বামী শরিফুল রাজের ‘পরাণ’ ও ‘হাওয়া’ নামের দুটি সিনেমা পর পর হিট। তিনিও এখন শোবিজের আলোচিত নাম। এখন এই অভিনেতা ব্যস্ত তার আসন্ন ছবি ‘দামাল’-এর প্রচারণা নিয়ে। আর সেই প্রচারের অংশ হিসেবেই ছবির সহশিল্পী বিদ্যা সিনহা মিমের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন। আর সেখানকার একটি ছবিতে দেখা যায়, রাজ আর মিম একে অপরের হাত শক্ত করে ধরে আছেন। আর পাশে ছবির আরেক নায়ক সিয়াম আহমেদ বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিলেন। এই ছবি প্রকাশের কিছুক্ষণ পরই পরীমণি তার ফেইসবুক পেজে লেখেন, সিয়ামকে কখনো দেখিনি সিনেমার বাইরে নায়িকাদের হাত চটকাতে। এই মন্তব্যের পরই তা সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ এটাকে মজা করে স্বামীকে খোঁচা দেওয়া মনে করলেও অনেকে ভাবছেন, তাহলে কি স্বামীর সঙ্গে পরীর কোনো মন কষাকষি চলছে। এটাই কি দূরত্ব তৈরির নমুনা!
যাইহোক, এই আলোচনার মধ্যেই পরীর নতুন সিনেমা সেন্সর ছাড়পত্র পাওয়ার ঘোষণা আসে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মা সিনেমাটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান ও তার মায়ের গল্প দেখানো হয়েছে এতে। গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শ্যুটিং করা হয়েছে। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। এ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে পরিচালক অরণ্য আনোয়ার জানান, ‘মা সিনেমাটি আনকাট সেন্সর পাওয়ায় আমি খুব খুশি। সেন্সর বোর্ডের সদস্যরা এর প্রশংসা করেছেন। সিনেমাটিতে ১৯৭০ ও ১৯৭১ সালের বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে। সেন্সর পেলেও আমরা এখনো হাতে সেন্সরের সার্টিফিকেট পাইনি। এটা পেলেই আমরা এর মুক্তি নিয়ে বসব। আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমরা আপনাদের এ সিনেমার মুক্তির বিষয়ে জানাতে পারব। আলোচনা করে সবাইকে জানাব সিনেমাটি কবে হলে আসছে।’
অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা এটি। এ নির্মাতা এর আগে একাধিক জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে অন্যতম ‘আমাদের নুরুল হুদা’। মাহফুজ আহমেদ অভিনীত নাটকটি দিয়ে দর্শকের আরও কাছে নিয়ে গিয়েছে অরণ্য আনোয়ারকে।
পরীমণি নিজেই এখন মা। চলতি বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলের জন্য এই সিনেমা পরীমণির জন্য আলাদা একটা আবেগের বিষয়ে পরিণত হয়েছে। ছবিটির সদ্য সেন্সর পাওয়া নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এ অভিনেত্রী। পরীমণি বলেন, ‘রাজ্যকে পেটে নিয়ে মা সিনেমার শ্যুটিং করেছি আমি। এজন্য এটি আমার কাছে একটা আবেগের জায়গা, আমার জন্য অদ্ভুত সুন্দর একটা স্মৃতি। আমার সারা জীবন মনে থাকবে। আরও মজার কথা হচ্ছে আমি যখন হলে গিয়ে সিনেমাটা দেখব, তখন রাজ্য আমার কোলে থাকবে।’ সিনেমার গল্প নিয়ে বলতে গিয়ে পরীমণি বলেন, ‘মুক্তিযুদ্ধের প্লটে এটি করা হয়েছে। মা ও দেশ এ দুটি বিষয় নিয়েই এ সিনেমার গল্প। একটা প্রতীকী বিষয় আছে এতে। তবে এখন এর বেশি আর বলা যাবে না।’