রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ (৭০)। টিভি নাটক ও চলচ্চিত্রে অসহায় বাবার চরিত্র নিয়ে কথা হলেই তার মুখ ভেসে ওঠে। তবে তার শিল্পীজীবন ছিল আরও বিশাল। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীকে শেষ বিদায়ে স্মরণ করেছেন তারই কাছের সহকর্মীরা। কথা বলেছেন মাসিদ রণ
মনের কথা বলার সৎসাহস ছিল
আতাউর রহমান
মাসুম আজিজের সঙ্গে পরিচয় সেই সত্তরের দশকের শেষের দিকে। ঢাকায় এসে থিয়েটার শুরু করল। যদিও আমরা আলাদা দলের, সে ঢাকা পদাতিক নাট্যদলে কাজ করত। সেই দলের অতিথি নির্দেশক হিসেবে আমি বিদেশি একটি নাটকের বাংলা অনুবাদ নিয়ে একটি নাটক মঞ্চে আনি, নাম ‘ফেরা’। এই নাটকের মাধ্যমেই সে মঞ্চে প্রধান চরিত্রে অভিনয় শুরু করে। সেদিক থেকে আমার মাধ্যমেই তার মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। যার ফলে সে আমাকে আজীবন শ্রদ্ধা করত। পরে আমরা টেলিভিশন নাটকে অনেক কাজ করেছি একসঙ্গে। অত্যন্ত সমাজ সচেতন মানুষ ছিল। জীবনযাপন, কর্মে মর্মে দেশপ্রেম ছিল মূল কথা। মার্কসবাদী হিসেবে তার আমার দর্শনও অনেকটা মিলে যায়। সব সময় বৈষম্যহীন সমাজের স্বপ্নই সে দেখেছে। নাটক লেখা নাটকের মাধ্যমে সে কথাই বলেছে। যে কোনো বিষয়েই কোনো ভয়-সংকোচ ছাড়াই মনের কথা বলার সৎসাহস ছিল তার। সর্বশেষ তার সঙ্গে দেখা হয় চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে। সেখানেও সে আমাকে বলেছিল, আতা ভাই, আপনিও রাজনীতি শুরু করলেন। পরে তাকে আমার অবস্থান পরিষ্কার করি।