রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘দাগ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে তাকে দেখা যাবে ভিন্নধর্মী একটি চরিত্রে। প্রথমবারের মতো চরকি অরিজিনালসে কাজ করেছেন এই তারকা। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। ‘দাগ’-এর গল্প কেমন ছিল জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।’ এছাড়া কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেন, ‘গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সঙ্গে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। চরকিকে ধন্যবাদ এমন একটা গল্পের সঙ্গে থাকার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সবাইকে।’ পরিচালক সঞ্জয় বলেন, ‘অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। এরকম গল্প আগে কখনো নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে, তা কাজটি গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু। আশা করছি দর্শককে ভালো কিছুই দিতে পারব। দাগ মানে এখানে আমরা কোনো স্পটকে বোঝাইনি। এখানে সমাজের বাঁধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাঁধাগুলো আমরা এখনো পেরোতে পারিনি। আমি বিশ্বাস করি পরিবার ও সমাজের সবাই সচেতন হলে আমরা এই বাধা পেরোতে পারব।’ এ সিনেমায় আরও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।