রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন ছিল গত সোমবার। ২৯ পেরিয়ে ৩০-এ পা রাখলেন এই অভিনেত্রী। এদিন রাতে ধুমধাম করে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে পালিত হয় পরীর জন্মদিন। বিগত বছরের মতো এবারও পোশাক থেকে শুরু করে মঞ্চ সবকিছুতেই ছিল ভিন্নতা। রাতে আড়াই মাস বয়সী ছেলে শাহীম মাহমুদ রাজ্য ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে ‘পায়রা’র সাজে অনুষ্ঠানস্থলে আসেন পরীমণি। পাখির পালক এবং লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিল অতিথিদের খাবার টেবিল। ঝাড়বাতিতে ঝলমলে ছিল হলরুম। অতিথিদের উদ্দেশে পরী বলেন, ‘আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেব। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।’ পরীর কস্টিউম ডিজাইনার জিমিও জানান, ‘নায়িকার কথামতোই শান্তির প্রতীক পায়রার রূপে তার ড্রেসের ডিজাইন করা হয়েছে।’ এরপর পরীর এবারের জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি দেওয়া হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার গান ‘তুই কি আমায় ভালোবাসিস’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান। বাড়তি চমক হিসেবে ছিল ১৫ মিনিটের একটি ডকুমেন্টারি। যার কাহিনীকার পরী নিজেই। ‘নতুন জন্মের গল্প’ শিরোনামের এই ডকুমেন্টারিতে দেখানো হয় শামসুন্নাহার স্মৃতি থেকে আজকের পরীমণি হয়ে ওঠার গল্প। উঠে আসে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তানের জন্মসহ নানা বিষয়। এরপর সবাইকে নিয়ে কেক কাটেন হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা। এদিকে, জন্মদিনে পরীকে শুভেচ্ছা জানাতে স্ত্রীকে নিয়ে এসেছিলেন সিয়াম আহমেদ, চিত্রনায়িকা তমা মির্জা, পরিচালক এসএ হক অলিক, রায়হান রাফিসহ অনেকে।