রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রীতমের সততা সবচেয়ে আকৃষ্ট করেছে

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন। পাত্র জনপ্রিয় গায়ক ও কম্পোজার প্রীতম হাসান। পরিচয় থেকে পরিণয় নিয়ে শাহতাজের সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

গল্পের শুরু…

প্রীতমের সঙ্গে মূলত সেইভাবে পরিচয় একসঙ্গে একটি মিউজিক ভিডিও করার সুবাদে। তার গান ‘জাদুকর’-এর ভিডিওতে আমি মডেল হয়েছিলাম। এর পরপরই আমাদের প্রেমের সম্পর্ক শুরু হয়।

প্রেম পর্ব…

সাড়ে ৫ বছরের প্রেম আমাদের। তবে সাধারণ প্রেমিক-প্রেমিকার মতো ছিল না আমাদের জার্নিটা। অনেকেই জানেন, শোবিজের যে কোনো কাজে আমার আম্মু সব সময় আমার সঙ্গে থাকেন। আসলে আমাদের পরিবার বেশ রক্ষণশীল। তাই আমি তারকা হলেও অবাধ চলাফেরার স্বাধীনতা পাইনি। আর এই অনুশাসন আমি সব সময় মূল্যায়ন করি। এমন নয় যে এতে আমার অনেক কষ্ট আছে। এটা এক ধরনের ডিসিপ্লিন, যেটা আমার জীবনকে অনেক সহজ ও সুন্দর করেছে। যাই হোক, আমার পরিবার থেকে শুরুতেই নিষেধ ছিল আমি যেন হরহামেশা প্রীতমের সঙ্গে দেখা না করি। তাই আমরা যতটা না প্রেমিক-প্রেমিকা ছিলাম, তার চেয়ে বেশি ছিলাম বন্ধু। কথা বলতে বলতেই একজন আরেক জনকে জানতে পেরেছি। জীবনসঙ্গী হিসেবে কারও ওপর ভরসা করা সহজ কাজ নয়। তাই আমরা অনেক সময় নিয়েছি। এমন নয় যে দুই মাস প্রেম করেই বিয়ে করে ফেলেছি।

জীবনসঙ্গী হিসেবে প্রীতম…

আমি আর প্রীতম আট দশ জন মানুষের মতো জীবনযাপন করি না। বলতে পারেন আমরা দুজনই বেশ উইয়ার্ড। এটাই আমাদের সবচেয়ে বেশি মিল। তাছাড়া আমরা দুজনই স্বাধীনচেতা। নিজেদের আলাদা স্পেস দরকার হয়। সেটি আমরা একে অন্যকে দিই। প্রীতম অবশ্যই ভীষণ মেধাবী, কোনো সন্দেহ নেই। আমিও শৈল্পিক মানুষ। সেটাতে একটা কমফোর্ট জোন আছে। কিন্তু তার ক্ষেত্রে আমাকে সবচেয়ে আকৃষ্ট করে তার সততা। প্রতিদিন তাকে যেভাবে আবিষ্কার করেছি তাতে মনে হয়েছে তাকে ট্রাস্ট করা যায়। এখন তো শোবিজের কেউ বিয়ে করলেই সোশ্যাল মিডিয়ায় অনেক আজেবাজে কথা শোনা যায়। আমিও ভয়ে ছিলাম। কিন্তু আমরা ভাগ্যবান যে আমাদের ক্ষেত্রে সেই বিষয়টি একদমই হয়নি। সবাই আমাদের নিয়ে অনেক খুশি। সবাই আমাদের বিয়ের প্রপার ছবি দেখার জন্য ওয়েট করছে, দোয়া করছে আমাদের জন্য।

বিয়ের সিদ্ধান্ত…

এই লম্বা সময়ে আমরা জেনেবুঝেই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্তে আসি। বিয়েটা অনেক আগেই করার কথা ছিল। কিন্তু জুলাইয়ে আমার আব্বু মারা যাওয়ায় আগস্টে বিয়ের তারিখ পিছিয়ে দিতে হয়। এরপর আমার আম্মুও অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে পর্যন্ত চলে গিয়েছিলেন। সব মিলিয়ে এ বছর আমাদের বিয়ে করার ইচ্ছাই ছিল না। কিন্তু আম্মুর চাওয়া থেকেই বিয়েটা সেরেই ফেললাম। আমাদের আগে থেকে সব রেডি ছিল বলে এবার আর বেশি সময় নিতে হয়নি। পোশাক, গহনা থেকে শুরু করে সবই পরিকল্পনা করেই করা। এতে সৃষ্টি আর দৃষ্টি নামের আমার দুই ডিজাইনার বন্ধু খুব সাহায্য করেছে। আমার সাজ-পোশাক নিয়েও সবার অনেক প্রশংসা পাচ্ছি।

ডেস্টিনেশন ওয়েডিং…

আমাদের বরাবরই পরিকল্পনা ছিল ডেস্টিনেশন ওয়েডিং করার। প্রথমে নেপাল, পরে ব্যাংককে আগস্টে বিয়ে করব বলে সমস্ত কিছু ফাইনাল করে ফেলেছিলাম। সেটি তো আর হলো না। তাই এবার দেশেই বিয়েটা করলাম। কিন্তু আউটডোর ফিল-টা রাখার জন্য সিলেটের শ্রীমঙ্গলের মতো সুন্দর জায়গার একটি রিসোর্ট বেছে নিই। এখনো সেখানেই আছি। আজ হয়তো ঢাকা ফিরব। আমাদের এখানে শুধু বিয়েটাই করার পরিকল্পনা ছিল। কিন্তু অতিথিরা একদিন আগেই এখানে চলে আসেন। তাই অনেকটা মেহেদি অনুষ্ঠানও হয়ে গেছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি হাবিব ওয়াহিদ, নুহাশ হুমায়ূন, সাফা কবির, টয়া ও শাওন দম্পতি, হৃদি শেখ, সুনেরাহ, জেফারসহ অনেক শোবিজ তারকা উপস্থিত ছিলেন। তারা মূলত আমাদের দুজনের বন্ধু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com