রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
টিভিতে অভিনয় করছেন এক যুগ ধরে। সিনেমা-ওয়েব সিরিজেও কাজ করেছেন। কিন্তু এতদিন মঞ্চে অভিনয় করা হয়নি গুণী অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। গত শনিবারে প্রথম মঞ্চনাটকে অভিনয় করলেন তিনি। নীলিমা ইব্রাহিম রচিত ‘আমি বীরাঙ্গনা বলছি’র খ- অংশ নিয়ে নির্মিত একটি নাট্যাংশে অভিনয় করছেন ভাবনা। আমন্ত্রিত অতিথিরা তার অভিনয়ের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাবনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছোট হোক বড় হোক, মঞ্চ তো মঞ্চই। সবখানের দর্শকের সামনে সরাসরি অভিনয় করতে হয়। এখানে টিভি নাটক বা সিনেমার মতো রিটেক দেওয়ার সুযোগ নেই। ফলে শনিবার রাতের পারফরমেন্সকে আমার মঞ্চ অভিনয়ের অভিষেক বলতেই পারি। এর আগে কখনোই মঞ্চে অভিনয় করিনি। যদিও নাচ করছি খুব ছোটবেলা থেকেই। নাচটা তিন বছর বয়স থেকে শিখছি, তাই মঞ্চে নাচতে গেলে অত বেশি নার্ভাস লাগে না। কিন্তু মঞ্চে প্রথমবার অভিনয় করতে গিয়ে আমি বেশ নার্ভাস ছিলাম। অনেক বেশি রিহার্সেল করতে হয়েছে। টানা এক মাস এই নাটকের পেছনে সময় দিয়েছি। এটাকে বলা যেতে পারে কর্মশালা পরবর্তী পরিবেশনা। আমরা সৈয়দ জামিল আহমেদ স্যারের তত্ত্বাবধানে তার দল স্পর্ধার আয়োজনে দুই মাসব্যাপী অ্যাডভান্স অ্যাকটিং ওয়ার্কশপ করেছি। এর আগেও আমি স্যারের একাধিক কর্মশালা করেছি। কিন্তু এবারের বিষয় ছিল অভিনয়ের মেথড নিয়ে। আর বিশ^ব্যাপী যার মেথড অনুসরণ করা হয় তিনি স্তানিসøাভস্কি। তার সবগুলো মেথড এত দ্রুত আয়ত্ত করা অসম্ভব। তারপরও আমরা আমাদের পারফরমেন্সে সবগুলো মেথড প্রয়োগ করার চেষ্টা করেছি। এটা শুধু মঞ্চ অভিনেতাদের জন্য প্রযোজ্য নয়। যে কোনো অভিনেতা তার চরিত্র হয়ে উঠতে এই মেথড চর্চা করতে পারেন।
প্রথমবার মঞ্চে অভিনয়ের অনুভূতি জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘এক কথায় অসাধারণ। অভিনয় শেষে যে অনুভূতি সেটা আসলে বোঝাতে পারব না। এটা শুধু তারাই জানেন যারা দর্শকের সামনে সরাসরি কোনো পারফরমেন্স করার সুযোগ পান। যেটা টিভি বা সিনেমায় কাজ করলে পাওয়া যায় না। আমি জামিল স্যার, মোহসীনা আক্তারের মতো শিক্ষকের হাত ধরে মঞ্চে উঠেছি। এটা বিরাট প্রাপ্তি। তাদের মতো শিক্ষক না পেলে হয়তো আমার দ্বারা এতটুকু করা সম্ভব হতো না। ভবিষ্যতেও যদি এমন শিক্ষকের নির্দেশনায় কাজের সুযোগ পাই, তাহলে অবশ্যই মঞ্চে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় চাই ভালো অভিনতা হতে। আর এই যাত্রায় আমি কখনই কোনো ছাড় দিতে চাই না কখনো। তাই অভিনেতা হওয়ার জন্য পথ খুঁজি প্রতিনিয়ত। আর সেই পথ দেখান আমাকে সৈয়দ জামিল আহমেদ এবং মোহসীনা আক্তার। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
শুধু ভাবনাই নয়, এই কর্মশালায় অনেকের সঙ্গে অংশ নেন জনপ্রিয় তারকা আফরান নিশো ও নাযিফা তুষি। তারা দুজন শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের অংশবিশেষে পারফরমেন্স করেন। এছাড়া ছিল হ্যারল্ড প্রিন্টারের ‘দ্য ডাম্ব ওয়েটার’ ও আগস্ট স্ট্রিংবার্গের ‘দ্য স্ট্রঙ্গার’-এর অংশবিশেষ। পুরো কর্মশালা পরিচালনা ও নাট্যাংশ নির্দেশনা দিয়েছেন মোহসীনা আক্তার।