রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
জয়া আহসানের মেধা, সৌন্দর্য, জনপ্রিয়তা সবকিছুর জন্যই ভক্তরা তাকে দেখতে চায় আন্তর্জাতিক অঙ্গনে। তিনি নিজের মতো এতদিন নিজেকে মেলে ধরেছেন। দেশের জন্য বয়ে এনেছেন অনেক সুনাম। তবে প্রিয় তারকাকে বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে দেখার আকাক্সক্ষা দর্শকের পূরণই হচ্ছিল না। প্রতিবার গুঞ্জনেই থেমে গেছে। তবে এবার আর দর্শক নিরাশ হবেন না। অবশেষে বলিউডের হিন্দি ছবিতেই দেখা যাবে দুই বাংলার প্রিয় তারকা জয়া আহসানকে। কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী নির্মাণ করতে যাচ্ছেন তার তৃতীয় হিন্দি ছবি ‘করক সিংহ’। আর সেই ছবিতে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খবরটি জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। এই ছবির মাধ্যমে প্রথমবার হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া। যদিও এ বিষয়ে জয়া এখনো মুখ খুলতে নারাজ। তবে কলকাতার তরফে ‘করক সিংহ’ ছবির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থার সূত্রে এই তথ্য এসেছে গণমাধ্যমে। পঙ্কজ-জয়া ছাড়াও ছবির আরেকটি চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র অভিনেত্রী সানজানা সাঙ্ঘি। অভিনয় করবেন কলকাতার কয়েকজন শিল্পীও। আর্থিক কেলেঙ্কারি ‘করক সিংহ’ ছবির বিষয়বস্তু। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে শুরু হবে শ্যুটিং। দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতায়ও ২০-২৫ দিন শ্যুটিং হবে।
এদিকে জয়া এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। তার ফেইসবুক পেইজে গেলেই সেটা আঁচ করা যাচ্ছে। তিনি অংশ নিচ্ছেন ৫৩তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। প্রতিদিন নতুন রূপে হাজির হচ্ছেন জয়া। সেই ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতেও ভোলেননি এই তারকা।