রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রথমবার একসঙ্গে আফজাল-প্রাচী

৪৭-এর দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঘিরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাপিত জীবন’। এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত অভিনেত্রী রোকেয়া প্রাচী। এত বছরের ক্যারিয়ারে এবারই প্রথম তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনকে। সিনেমাটিতে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। গত ২২ নভেম্বর থেকে রাজবাড়িতে প্রথম ধাপের শ্যুটিং শুরু হয়। ২৮ নভেম্বর থেকে শ্যুটিংয়ে অংশ নিয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। সিনেমাটি পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন নির্মাতা হাবিব ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। একসঙ্গে তাদের প্রথম কাজ ছিল ১৯৯০ সালে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিজয় নব্বই’। এটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছিল বলে জানান নির্মাতা। রোকেয়া প্রাচীর প্রশংসা করে হাবিব বলেন, ‘প্রাচী সব সময়ই আমার পছন্দের শিল্পী। দীর্ঘ বিরতি পেরিয়ে আমরা একসঙ্গে কাজ করছি। আফজাল ভাই ও প্রাচীকে ঘিরেই এই সিনেমার গল্প। এই কয়েক দিনে প্রাচী যে অভিনয় করেছে সেটি অতুলনীয়। এই সিনেমাটি প্রাচীর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে আমি আশাবাদী। আমার বিশ্বাস তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন।’

রোকেয়া প্রাচী বলেন, ‘প্রথমবার আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করছি। তিনি আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা। ছোটবেলা থেকেই তার কাজ পছন্দ করি। অবশেষে একসঙ্গে কাজ হচ্ছে। তার সঙ্গে কাজ করতে পেরে অন্যরকম ভালো লাগছে। এটি আমার জন্য বড় অভিজ্ঞতা। হাবিব ভাইয়ের সঙ্গে দ্বিতীয় কাজ হলেও তার সঙ্গে কাজের বোঝাপাড়া অসাধারণ। এই সিনেমায় সব গুণী শিল্পী রয়েছেন। সবমিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। শ্যুটিং নয়, এই ইউনিট একটি পারিবারিক আবহ তৈরি করেছে। একটি পরিবার অনেক দিন পর একত্র হয়েছি। আশা করি, সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।’

‘যাপিত জীবন’ সিনেমার প্রথম ধাপের শ্যুটিং চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের শ্যুটিং হবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তার আশপাশের এলাকায়। ডিসেম্বরের মধ্যে সিনেমার পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাতা। নতুন বছরের মাঝামাঝি সময় ভালো একটি দিন থেকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। সেলিনা হোসেনের উপন্যাস থেকে এর চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। বাংলাদেশ সরকারের ২০২১-২২ অর্থবছরের অনুদান পাওয়া এই সিনেমায় আরও অভিনয় করছেন ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, রওনক হাসান, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ প্রমুখ।

এদিকে, প্রাচী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘সাবিত্রী’। এতে তাকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। এ ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী নিয়মিত নির্মাণ ও প্রযোজনায় সরব রয়েছেন। পাশাপাশি সমানতালে চলছে রাজনীতিক ব্যস্ততা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com