রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
একদিন আগের মাঝরাতে রাতেই খালি গলায় গেয়েছেন স্টিফেন সানচেজের বিখ্যাত গান ‘আনটিল আই ফাউন্ড ইউ’। গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই অভিনেত্রীর ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন তা শুনতে। দুই দিনে ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিনের গাওয়া সেই গানের ভিডিওর ভিউ হয়েছে ২ মিলিয়নের বেশি। এই অভিনেত্রী এখন শুধুই উঠছেন। একের পর এক ভালো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। নিজেকেই যেন ছাড়িয়ে যাচ্ছেন নতুন কাজের মাধ্যমে। এরইমধ্যে দুঃসংবাদ! গত শুক্রবার রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে আহত হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বাবাকে সঙ্গে করে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তার দুই পা জখম হয়েছে। দুর্ঘটনার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর খবর পেয়ে ছোট পর্দার কয়েকজন পরিচালক সেখানে হাজির হন। তাদের একজন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি এখন হাসপাতালে আছি। বেশ গুরুতর আহত হয়েছেন ফারিণ। দুই পায়েই আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে।’ হাসপাতালে যাওয়ার আগে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি মার্কেটের চলন্ত সিঁড়িতে নিচতলা থেকে দোতলায় উঠছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ে আঘাত করে। এতে আমার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি আমার পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এটি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা।’এই অভিনেত্রীর দাবি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না বিপণিবিতানটিতে। ফারিণ বলেন, ‘এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।’
জরুরি বিভাগে চিকিৎসা শেষে এখন তিনি বাসায়। শুধু এটুকুই জানালেন, ‘আমি এখন চিকিৎসা শেষে বাসায় এসেছি। চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন। শারিরিকভাবে আমি ভালোই আছি। এখন এর বেশি কিছু বলতে পারছি না। দ্রুতই সবাইকে বিস্তারিত জানাব। আর যারা আমার দুর্ঘটনার খবর শুনে দোয়া করেছেন, ফোন করেছেন, এসএমএস করেছেন- তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’ ফারিনের পোস্টে অসংখ্য ভক্ত শুভকামনা জানিয়েছেন।
তাসনিয়া ফারিণ এই সময়ের আলোচিত অভিনেত্রীর একজন। দেশের বিখ্যাত নির্মাতাদের পাশাপাশি কলকাতার গুণী নির্মাতা অতনু ঘোষের সিনেমা ‘আরও এক পৃথিবী’তে কাজ শেষ করেছেন। সম্প্রতি সেই সিনেমার ট্রেলারেও প্রশংসা কুড়িয়েছেন। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে গেছে। আর আসছে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তার আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি।