রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন করে আলোচনায়। কাজ নিয়ে টানা ব্যস্ত থাকায় তিনি খানিকটা আলোচনার বাইরেই ছিলেন। তবে সম্প্রতি তার ব্যক্তিজীবন নিয়ে বেশ হইচই হয়েছে। কয়েক বছর আগে বাগদানের পর বিয়ে স্থগিত হওয়ায় অনেকে নায়িকাকে নিয়ে নানা কথা ছড়াচ্ছিল। সেই বিষয়েই তিনি সম্প্রতি মুখ খোলেন। এরপরই এক এক সাক্ষাৎকারে এক এক রকম তথ্য উঠে এসেছে। কোনোটায় বলা হচ্ছে, তার বিয়েটা আর হচ্ছে না। আবার কোনোটায় বলা হচ্ছে, বিয়ে হবে তবে পরে। তিনি এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। এসব আলোচনার মধ্যেই এলো ফারিয়ার নতুন সিনেমার খবর। এবারই প্রথম তিনি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি নির্মাণ করবেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। নতুন সিনেমার নাম ‘ফুটবল ৭১’। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর ফারিয়া নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার এবারের সিনেমার প্রেক্ষাপট ১৯৭১ সাল নিয়ে। সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে থাকছেন চিত্রনায়ক আরিফিন শুভ। গতকাল খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অনম বিশ্বাস। তিনি বলেন, আমার ‘ফুটবল ৭১’ মাল্টিকাস্ট সিনেমা। এরই মধ্যে চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে। আর অন্য শিল্পীদের সঙ্গে কথা চলছে। দু-এক সপ্তাহের মধ্যে চুক্তি হয়ে যাবে। জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শ্যুট শুরু হবে। এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা। প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনম নিজেই। তুমুল জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস। এদিকে, নুসরাত ফারিয়া সম্প্রতি কলকাতায় ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শ্যুট শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’, ‘রকস্টার’সহ একাধিক সিনেমা।