রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিজয় দিবস উপলক্ষে নতুন দেশাত্মবোধক গান গাইলেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। গানের শিরোনাম ‘যদি প্রশ্ন করো’। মৃত্যুর আগেই গানটি লিখেছিলেন উপমহাদেশের আরেক বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ‘যদি প্রশ্ন করো কতটা ভালোবাসি তোমাকে, ও আমার দেশ আমি জবাব দেব, ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসি আমার মাকে’ এমন কথার গানটি সুর করেছেন শফিক তুহিন, সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। এরই মধ্যে রাজধানীর বনশ্রীতে ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
১৩ ডিসেম্বর গানটির ভিডিও শ্যুটিংয়ে অংশ নিয়েছেন রুনা লায়লা। মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন তানিম রহমান অংশু। এ গানে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান আগেও অনেক গেয়েছি। তার লেখা গানে আমার সুরে অন্য শিল্পীও গেয়েছেন। নতুন এই গান তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইলাম। গানের কথা মনে গেঁথে থাকার মতো। সুরটাও দারুণ। শ্রোতা-দর্শকের বারবার শোনার মতোই এই গান।’
নওশাবা বলেন, ‘আমি একদিক থেকে খুব ভাগ্যবান। খুব একটা মিউজিক ভিডিওর কাজ করা হয় না। তবে যেগুলো করেছি, সেগুলো মনে রাখার মতো। এর আগে উপমহাদেশের আরেক বিখ্যাত গায়ক রাহাত ফাতেহ আলী খানের গানের মডেল হয়েছি। এবার রুনা লায়লার মতো শিল্পীর গানে কাজ করলাম। তাও আবার কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানে। এ ধরনের অভিজ্ঞতা সব শিল্পীর জীবনে আসে না। আমি সত্যিই নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি দর্শকও নতুন এই দেশের গানটি পছন্দ করবেন।’ রুনা লায়লার সঙ্গে অংশুর এটা প্রথম কাজ। তিনি বলেন, ‘আমার নির্দেশনায় রুনা ম্যাম মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’
গানের সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবু বলেন, ‘শ্রদ্ধেয় রুনা আপা আমার স্টুডিওতে এসে ভয়েজ দিয়েছেন, আমার সংগীতায়োজনে গান গেয়েছেন এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়।’ সুরকার শফিক তুহিন বলেন, ‘আমারও সৌভাগ্য যে রুনা আপার জন্য একটি দেশাত্মবোধক গান সুর করতে পেরেছি, তা-ও আবার গাজী ভাইয়ের লেখা। আমার সংগীতজীবনে এই গান মাইলফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।’