শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবছরই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিভি চ্যানেলগুলো। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচারের জন্যও তৈরি করে বিশেষ নাটক। আজকের কিছু চ্যানেলের বিশেষ আয়োজন তুলে ধরা হলো পাঠকদের জন্য।
‘মেমোর অব লাভ’
‘এই সময়ে কাছে আসার গল্প’
‘কাছে আসার গল্প’ নয়, এবার ক্লোজআপের তিনটি চলচ্চিত্রের বিষয় ‘এই সময়ে কাছে আসার গল্প’। প্রতিবার দর্শকদের কাছ থেকে গল্প নেওয়া হলেও এবার নির্মাতারাই গল্প নির্বাচন করেছেন। অমিতাভ রেজা চৌধুরীর ‘টেক অফ’-এ অভিনয় করেছেন তামিম মৃধা, প্রিয়ন্তী উর্বি ও মায়ামী। রাকা নোশিন নাওয়ারের ‘একটা তুমি লাগবে’-তে সুদীপ বিশ্বাস দীপ ও আইশা খান এবং সাকিব ফাহাদের ‘সময় সব জানে’র অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্ত। ‘এই সময়ে কাছে আসার গল্প’-এর থিম গান ‘কাছে আসার গল্প’তৈরি করেছে ‘শূন্য’। তিনটি চলচ্চিত্রের প্রতিটিরই দৈর্ঘ্য ৪০ মিনিট। আজ ভালোবাসা দিবসে রাত ৮টায় একযোগে ১৩টি টিভি চ্যানেলে প্রচার হবে এগুলো। পরে ক্লোজআপ বাংলাদেশের ইউটিউব চ্যানেলেও প্রকাশ হবে।
রেজওয়ানা চৌধুরী বন্যার গানে গানে ঋতুরাজ বসন্তকে বরণ করবে চ্যানেল আই। আজ সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করবে চ্যানেলটি। ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে’, ‘আজি দখিন-দুয়ার খোলা’সহ রবীন্দ্রনাথের বিখ্যাত বেশ কিছু গান গাইবেন নন্দিত এ কণ্ঠশিল্পী। পাশাপাশি থাকছে সুরের ধারার পরিবেশনা।
‘ভালোবাসার সারাবেলা’
এটিএন বাংলায় আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে আলাপচারিতার অনুষ্ঠান‘ভালোবাসার সারাবেলা’। এতে অতিথি থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান, এমপি এবং তার সহধর্মিণী সালমা ওসমান লিপি। রাজনীতিবিদদেরও ভালোবাসার হৃদয় রয়েছে। সেই ভালোবাসার নানা অজানা গল্প নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। সেই সঙ্গে থাকবে অতিথি যুগলের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও গান। উপস্থাপনায় নীল হুরে জাহান। পরিচালনায় সেলিম দৌলা খান।
পলাশ এবং রাত্রি ব্রেকআপ করে নিঃসঙ্গ সময় পার করছেন। পরবর্তী সময়ে দু’জনের পরিবার থেকে বিয়ের জন্য চাপ আসে। রাত্রি একটি কলেজের প্রভাষক। কলেজে তাঁর এক সহকর্মীর সঙ্গে বিয়ের কথাও চলছে। তাঁদের মধ্যে জানাশোনা বাড়ছে। ঠিক সে রকম মুহূর্তে হঠাৎ এক রাতে পলাশ রাত্রিকে ফোন দিয়ে ওয়েটিং পায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফিরে এসো সুরঞ্জনা’। রচনায় মঈনুল সানু। পরিচালনায় মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও জান্নাতুল সুমাইয়া হিমি। আরটিভিতে আজ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচার হবে এটি।
‘পাঁচফোড়ন’
ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’এর দৃশ্যে সুজাত শিমুল ও সুবর্ণা মজুমদার। আজ রাত ১০টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দু’জন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এর পর মান-অভিমান নিয়ে গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর দারুণ কিছু রিপোর্টিং। দুই প্রতিবেশী প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সুমাইয়া শিমু।
‘বৈশাখীর ভালোবাসার গান’ অনুষ্ঠানে গাইবেন নকুল কুমার বিশ্বাস। ভালোবাসার গান নিয়ে সাজানো এ সংগীতানুষ্ঠানটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টায়। রুকাইয়া জাহান চমকের উপস্থাপনায় যৌথভাবে প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান।
দীপ্ত টিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘ভালোবাসার গান’। রুহানি সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় গান পরিবেশন করবেন অপু আমান ও রন্টি দাস। হৃদয় যেখানে চাইছে হারাতে, এ এমন পরিচয়, মন শুধু মন ছুঁয়েছে, এখানে দু’জনেসহ আরও কিছু জনপ্রিয় গান গাইবেন শিল্পীদ্বয়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌরব সরকার।