শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

বিশ্বকাপের শতবর্ষী আসরের আয়োজক হতে চায় মরক্কো

ফুটবল বিশ্বকাপ শতবর্ষে পা রাখবে আগামী ২০৩০ সালে। সেই আসরের আয়োজক দেশ হতে আগেই আগ্রহ প্রকাশ কেরছিল স্পেন ও পর্তুগাল। যৌথভাবে তারা শতবর্ষী আসর আয়োজনের কথা জানিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও এক আগ্রহী দেশের নাম। ইউরোপের দুই দেশের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের আয়োজক হতে চায় আফ্রিকার দেশ মরক্কো।

রুয়ান্ডার রাজধানী কিগালিতে আগামী বৃহস্পতিবার বসবে ফিফার ৭৩তম কংগ্রেস। তার আগে মঙ্গলবার যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন মরক্কোর ক্রীড়া মন্ত্রী ছাকিব বেনমুসা।

প্রাথমিকভাবে স্পেন ও পর্তুগালের সঙ্গী হতে চেয়েছিল ইউক্রেন। কিন্তু রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ এখনও চলছে। তাই এগিয়ে এসেছে মরক্কো। আগেও বেশ কয়েকবার বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে লড়াই করেছে মরক্কো। সবচেয়ে কাছাকাছি গিয়েছিল তারা ২০১০ সালে, সেবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় দেশটি।

২০২২ কাতার বিশ্বকাপে চমক জাগানো পারফরম্যান্স উপহার দেয় মরক্কো, প্রথম আফ্রিকান দল হিসেবে তারা খেলে সেমিফাইনালে, সেখানে ফ্রান্সের কাছে হারে দলটি। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে চতুর্থ হয় তারা।

২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপও আয়োজন করে মরক্কো। কাতার বিশ্বকাপের কারণে পিছিয়ে টুর্নামেন্টটি হয় গত মাসে। বিশ্বকাপের আয়োজক হতে স্পেন, পর্তুগাল ও মরক্কোকে লড়াই করতে হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ের সঙ্গে। লাতিন আমেরিকার চার দেশ যৌথভাবে শতবর্ষী আসর আয়োজন করতে চায়। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে।

২০৩০ বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে মোট ১০৪টি। ১২টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com