বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে।
স্থানীয় সময় সোমবার সকালে অঙ্গরাজ্যটির ডাউনটাউন লুইসভিল শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ জানায়, এ ঘটনায় হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সে কীভাবে মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার কারণ জানা যায়নি।
এর আগে লুইসভিল মেট্রো পুলিশ বিভাগ এক টুইটার পোস্টে জানায়, শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একটি ‘সক্রিয় আগ্রাসনের’ ঘটনা ঘটেছে। জনসাধারণকে পূর্ব মেনের একটি অংশ থেকে দূরে থাকতে বলা হয়েছে।
এক ভিডিও চিত্রে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশের রাস্তায় পুলিশ কর্মকর্তারা অবস্থান নিয়ে স্থানীয় বাণিজ্যিক সম্পদগুলো ঘিরে ফেলেছেন। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে।
এদিকে এমন সংকটময় পরিস্থিতিতে ঘটনাস্থলে যাচ্ছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এক টুইট পোস্টে তিনি বলেন, শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একটি ‘সক্রিয় আগ্রাসনের’ ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহত হয়েছে। আমি এখন সেখানে যাচ্ছি; অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন।
শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গও গুলি চালানোর পরপরই ঘটনাস্থলে গেছেন। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান “আমি স্টপলাইটে ছিলাম এবং আমি প্রথম যে জিনিসটি দেখেছিলাম সেটা হলো একটি লোক ছিল একটি হোটেলের প্রবেশপথে শুয়ে ছিল।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। দুই সপ্তাহ আগেও টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি স্কুলে বন্দুক হামলায় ৬ জন নিহত হয়।