বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। রেকর্ড (সর্বোচ্চ) ১৪ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্টরা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ ক্লাব চেলসিকে ২-০ গোলে হারিয়েছে। দারুণ এই জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই সহজ করে রাখল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ২১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি বক্সের কিছুটা দূর থেকে কার্ভাহালের চিপে পা ছোঁয়ান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই আলতো শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। তবে বিপদমুক্ত করতে পারেননি নিজের দলকে। বল পায়ের কাছে পেয়ে ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন বেনজেমা। ইংলিশ ক্লাবের বিপক্ষে এনিয়ে ২০ গোল করলেন তিনি। ২৭ গোল নিয়ে সবার উপরে আছেন লিওনেল মেসি।