বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
দুই-এক দিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে চিনির দাম সরকার নির্ধারণ করে দিলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি।
শুক্রবার (১৯ মে) রংপুরে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য কয়েকটি মন্ত্রণালয় আছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজারে পণ্যের দাম উঠানামা করে। কখনো শাক-সবজির দাম বাড়ে, আবার কখনো কমে।
তিনি বলেন, এখন শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় তার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, মহানগর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, সাবেক যুবলীগ নেতা মহসিনুল বারী শিমুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।