বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
বার্সেলোনায় লিওনেল মেসির পুরনো সতীর্থদের একজন সার্জিও বুসকেতস। বর্তমানে তার নেতৃত্বেই খেলছে বার্সা। তবে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের সামনে ফের সুযোগ আসছে মেসির সঙ্গে খেলার। গুঞ্জন আছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে বুসকেতসও পাড়ি জমাবেন সৌদি আরবে। বড় অঙ্কের চুক্তিতে খেলবেন আল হিলালে।
পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ চলতি বছরের জুনে। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, মেসি নাকি আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তিও সেরে ফেলেছেন। এরপর এই গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে বুসকেতসের দাবি তার ভবিষ্যৎ মেসির সঙ্গে জড়িত নয়।
ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সঙ্গে কথা বলতে গিয়ে বুসকেতস বলেছেন, ‘প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সবার জীবন, পরিবার, উদ্দেশ্য আলাদা। অবশ্যই মেসির সঙ্গে আবারও আমি খেলতে চাই, তবে আমার ভবিষ্যৎ মেসির সঙ্গে জড়িত নয়।’
আগামী ২৮ মে মায়োর্কার বিপক্ষে আরও একবার ক্যাম্প ন্যুতে খেলার সুযোগ পাচ্ছেন বুসকেতস। সেই ম্যাচ শেষেই হয়তো বিদায়ী সংবর্ধনা পাবেন বুসকেতস। স্প্যানিশ এই ফুটবলার নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন লিগ শেষ হলে।
আপাতত তিনি বিদায়টাকে উপভোগ করতে চান, ‘কোথায় যাব সেই সিদ্ধান্ত এখনো নেইনি। অনেকগুলো প্রস্তাব আছে, কিন্তু কোনো চুক্তিতে সম্মত হইনি। লা লিগা শেষ হওয়ার আগে সিদ্ধান্ত নিচ্ছি না, কারণ বিদায়টা উপভোগ করতে চাই।’
বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপাই জেতা হয়ে গেছে ক্লাবটির বর্তমান অধিনায়ক সার্জিও বুসকেতসের। ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার গত ১৫ বছরে সাফল্যের চূড়ায় উঠেছেন। ৮টি লা লিগা, ৭টি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন।