বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
আর দুই দিন পরই মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’। ইতোমধ্যে সিনেমার একটি গান প্রকাশিত হলে তা লুফে নিয়েছেন দর্শকরা। স্নিগ্ধজিতের গাওয়া ‘জান রে’ শীর্ষক গানটির জনপ্রিয়তা দেখে অবাক হয়েছেন সুলতানপুরের অভিনেত্রী অধরা খান।
তিনি বলেন, ‘এই গান মুক্তির পর থেকে আমি প্রচুর মেসেজ পেয়েছি। সব ইতিবাচক কথাবার্তা। কারো গান ভালো লেগেছে, কারো জুটি পছন্দ হয়েছে, কারো মেকিং ভালো লেগেছে, কারো লুক ভালো লেগেছে। তবে গানটা মানুষজন শুনছে, শুধু এটা ভেবেই ভালো লাগছে আসলে।’
অধরা আরও বলেন, ‘এই গানই আমাকে সিনেমা মুক্তির পূর্বে আলোচনায় নিয়ে এসেছে। আমি একটা সিনেমার শুটিং করতে এসেছি টেকনাফে। সাগরতীরে বসে দেখছি কিভাবে মানুষজন গানটা নিয়ে মেতে আছে, এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে।’
প্রসঙ্গত, সুলতানপুরে অধরা ছাড়াও অভিনয় করেছেন সাঞ্জু জন ও ফারুক সুমন। সিনেমাটি সীমান্ত এলাকার সংস্কৃতির ওপর নির্ভর করে নির্মিত হয়েছে।