বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
গাজীপুরের আশঙ্কাজনক ভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গাজীপুর শহরের দুই সরকারি হাসপাতালে শনিবার সকাল ১০টা পর্যন্ত এ রোগে আক্রান্ত ১২২জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, তার হাসপাতালে ৮০জন এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৪২জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম। এ মাসে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ১৯১জন ভর্তি ও ৩জনকে ঢাকায় রেফার্ড করা হয় এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪জন ডেঙ্গুরোগী ভর্তি ও একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় হাসপাতাল দু’টিতে ভর্তি হয়েছেন যথাক্রমে ১৩জন ও ৭জন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী হাসপাতালে বেশ কিছু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
গাজীপুর জেলার সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে, চলতি বছর এ জেলায় চার শতাধিক ডেঙ্গু রোগী সনাক্ত হলেও এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী মারা যায়নি।
এছাড়াও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, বিভিন্ন বেসরকারী হাসপাতালে মোট ভর্তি ছিলেন আরো ২০জন।
গাজীপুর জেলার সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান বলেন, হঠাৎ করেই মহানগরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে আমরা মহানগরের দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সিভিল সার্জন আরো বলেন, আমরা সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরীতেও কাজ করছি।
মহানগরে মশক নিধনের বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আঃ হান্নান বলেন, আমরা মহানগরকে ১০টি অঞ্চলের বিভক্ত করে মশক নিধন অভিযান, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এছাড়াও মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছি। অনেককেই সতর্ক করে নোটিশও দেয়া হচ্ছে, এরপরও যারা সতর্ক হবে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত চালানোর কথা ভাবা হচ্ছে।