বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
রাজধানীতে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ডেঙ্গু রোগীর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি দেখতে আজ শনিবার মুগদাসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীতে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল। তবে বাইরে আশঙ্কাজনক হারে রোগী বাড়ছে।
জাহিদ মালেক জানান, নারীর তুলনায় পুরুষ বেশি আক্রান্ত হচ্ছে। শিশুদের আক্রান্তের হারও বাড়ছে। এ অবস্থা মোকাবিলায় অফিস, আদালত ও স্কুলে নিয়মিত মশার ওষুধ ছিটানোর পরামর্শ দেন মন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি নেওয়া হলেও সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর অনেক দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও যেতে পারে।