বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না। ডেঙ্গু রোগী বাড়লে মৃত্যুও বাড়বে। তবে ডেঙ্গু মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ড্রপস অ্যাপস’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এটি উদ্বেগজনক। তবে কোভিড ১৯ বাংলাদেশ নিয়ন্ত্রণে আনতে পারলে, ডেঙ্গুও আনতে পারবে। মশা নির্মূল করতে হবে, মশা বাড়লে ডেঙ্গু রোগী বাড়বে। তাই সবার বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, এরই মধ্যে আমাদের স্বাস্থ্য সেবা ডেঙ্গু চিকিৎসা অগ্রগতি লাভ করেছে। চিকিৎসক ও বুয়েটের একদল মেধাবী শিক্ষার্থীরা ডেঙ্গু ড্রপস অ্যাপস তৈরি করেছেন। এই অ্যাপসের মাধ্যমে রোগীর প্যারামিটারসহ সব বিষয় নির্ণয় করে কতটুকু ফ্লুইড দিতে হয় সেটি এই অ্যাপসের মাধ্যমে তাড়াতাড়ি জানা যাবে এবং ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বুয়েট, স্থাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।