শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
২৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। কিছু কিছু ক্ষেত্রে তার শরীরের জটিলতা বেড়েছে বলে চিকিৎসক বোর্ড সূত্রে জানা গেছে।
গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেহে খনিজের অসমতা দেখা দিয়েছে।
ক্যালসিয়াম, পটাসিয়াম ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। হঠাৎ করেই খালেদা জিয়ার লিভার, কিডনিসহ কয়েকটি ক্ষেত্রে জটিলতা বেড়েছে।
দলের একটি সূত্র জানায়, সোমবারও খালেদা জিয়ার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মেডিকেল বোর্ড বৈঠক করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম নির্ধারণ করবেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো শারীরিক পরিস্থিতি এখনো হয়নি। আরও কত দিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। মেডিকেল বোর্ডের সদস্যরা দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা দিচ্ছেন। তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকেরা মনে করছেন। সে কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।