শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
বিশ্বকাপে ভারতের কাছে ধরাশায়ীর হওয়ার দিন দেশের ক্রিকেটে জয়ের সুখবর শুনিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে জয় তুলে নিয়েছে তারা।
ইমার্জিং দলের শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। গতকাল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না কোনো।
ডাম্বুল্লায় শ্রীলঙ্কা ইমার্জিং দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে। শুরুতে ৫৫ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অধিনায়ক অহন বিক্রমাসিংহে ৭৭ ও সোহান দিনুশার ৬২ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। বাংলাদেশের মুশফিক হাসান ৩টি ও আহমেদ শরিফ ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে বাংলাদেশের ওপেনার অমিত হাসান ফিরে যান শূন্য রানে। অধিনায়ক পারভেজ ইমন খেলেন ৩৫ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে দারুণ খেলেন তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল। বৃষ্টি বাধায় খেলা থেমে যাওয়ার আগে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন। খেলা মাঠে না গড়ানোয় সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১১৬ বলে ৯২ রান আসে তার ব্যাট থেকে। নয়টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এদিন মাহমুদুল হাসান জয় অপরাজিত থাকেন ৫৭ রানের সুন্দর ইনিংস খেলে।
বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ২০০ রান সংগ্রহ করার পর খেলা থেমেছিল। বৃষ্টি আইনে পরিবর্তিত টার্গেট ১৮০ রান ধার্য্য হলে বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী ম্যাচে একই মাঠে আগামী ২২ অক্টোবর মুখোমুখি হবে দুই দল।