বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিসিবির ভাবনায় নতুন অধিনায়ক লিটন

গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর হতাশায় মোড়ানো বিশ্বকাপ শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। অন্যদিকে নিউজিল্যান্ড অপেক্ষা করছে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলার। তবে এরই মধ্যে আরেক সিরিজের ডঙ্কা বাজা শুরু হয়ে গেছে। চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সার্কেলে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে চলতি মাসেই। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে পা রাখবে কিউইরা। গত দুবার তলানিতে থেকে শেষ করা বাংলাদেশের সুযোগ ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ভালো কিছু করার।

তবে এই সিরিজ যে ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন না তা নিশ্চিত হয়ে গেছে আগেই। আঙুলের চোটে বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরতে হয়েছে সাকিবকে। আর তামিম ইকবাল নিজেই জানিয়েছেন ফিটনেস নিয়ে সমস্যার কথা। আরও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে শঙ্কা জেগেছে এই সিরিজে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন দাস। সিরিজের প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। এমনটাই জানিয়েছে বিসিবির সূত্র। বিশ্বকাপের মধ্যেও দুই দফায় দেশে ফিরেছিলেন লিটন।

এদিকে সাকিব আল হাসান না খেলায় টেস্ট সিরিজের অধিনায়ক নিয়ে আবার প্রশ্ন উঠছে। কার নেতৃত্বে এই সিরিজে খেলবে টাইগাররা? -বিসিবির সূত্র বলছে, লিটন যদি খেলেন তবে তিনিই এই সিরিজে টাইগাদের নেতৃত্ব দেবেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আসন্ন সিরিজটি নিয়ে গতকাল মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। আগেই জানা গিয়েছিল, আসন্ন সিরিজে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন কে এমন প্রশ্নের জবাবে টিটু জানালেন সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব।

টিটু বলেন, ‘সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, সেই পর্যন্ত সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন দাস আছেন, এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’

জানা গেছে, লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা সন্তানসম্ভাবা। তার পাশে থাকতেই দুই দফায় দেশে ফিরেছিলেন লিটন। এবারও স্ত্রীকে সময় দিতেই ছুটি চেয়েছেন কি-না লিটন তা জানা যায়নি। তবে বিসিবির সূত্র জানিয়েছে, লিটনকে ছুটি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। আজ বুধবার নিউজিল্যান্ড সিরিজের দলের অনুমোদন দেবেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি যদি ছুটি দেন তবেই লিটন নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট থেকে ছুটি পাবেন।

এদিকে নতুন পেস বোলিং কোচ কবে নাগাদ আসবে বা কেউ নিশ্চিত হয়েছে কি না এমন প্রশ্নে টিটু বলেন, ‘পেস বোলিং কোচও হয়তো অন্তর্বর্তীকালীন কেউ থাকবেন। যেহেতু এখন তাৎক্ষণিক তো নতুন কোচ সম্ভব নয়। ২-১ দিনের মধ্যে সেটিও জেনে যাবেন (পেস বোলিং কোচ কে হবেন নিউজিল্যান্ড সিরিজে)।’

ইতোমধ্যে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। স্পিন নির্ভর সব তারকাদের নিয়েই ঢাকায় পা রাখবে তারা। দলে থাকছেন কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্ররা। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com