সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।
গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি।
তিনি জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফে একটি এলাকায় রাখে পাচারকারী চক্র। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করে। এসময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে।
ওসি আরো জানান, মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পের প্রতিনিধিদের জিম্মায় দেয়া হবে। মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।