রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সরকার পতনের এক দফা দাবিতে সপ্তম দফায় আবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। রাজপথ, রেল ও নৌপথে এই অবরোধ চলবে।
অবরোধ হলেও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। আজ সকাল থেকে সরেজমিনে রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলামোটর, নয়াপল্টন, যাত্রাবাড়ী, সাইনবোর্ড, শনির আখড়া, মাতুয়াইল, রায়েরবাগে ঘুরে এ চিত্র দেখা গেছে।
অবরোধ কর্মসূচির বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শান্তিপূর্ণ এ অবরোধ কর্মসূচিতে গণতন্ত্রমনা মানুষ, সাধারণ জনগণ এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা দুর্জয় সাহস নিয়ে রাজপথে এগিয়ে যাবে- এই প্রত্যয় ও আশাবাদ ব্যক্ত করছি। দেশের গণতন্ত্রকামী মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিও বাংলাদেশে আর ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না, এদের পতন হবেই।
যুগপৎ ধারায় এই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম ও পিপলস পার্টিসহ সমমনা দল ও জোট। একই দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যুগপৎ ধারায় না থাকলেও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চলমান আন্দোলনে রাজপথে থাকছে।
এদিকে গতকাল সপ্তম দফায় অবরোধের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী মিছিল করেছে। কোথাও কোথাও রাতে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।