সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।
সেতুমন্ত্রী বলেন, ‘সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।’
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সে জন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। তাদের নির্বাচন বানচাল করার স্বপ্নপূরণ হবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।
এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ ডা.আলম খান মিলন দিবস উপলক্ষে শহীদ মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে দলের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।