বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সদ্য ওটিটিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমা নিয়ে চলছে বন্দনা। গল্প, নির্মাণ এবং অভিনয়শিল্পীদের দারুণ পারফর্মেন্স—সব মিলিয়ে দারুণ সাড়া ফেলেছে। সাধারণ দর্শক থেকে শুরু করে নির্মাতা, অভিনয়শিল্পীরাও প্রশংসা করছেন। সেই তালিকায় রয়েছেন আফজাল হোসেন, আজিজুল হাকিম, আফসানা মিমি, জিনাত হাকিম, মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলারা।
সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন জানান, পেইড কনটেন্ট হবার পরেও অনেক দর্শক দেখছেন, প্রশংসা করছেন। তিনি বলেন, দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত কোনো নেগেটিভ মন্তব্য পাইনি। এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রির অনেকের কাছ থেকে ইনবক্সে, কমেন্টে এবং পোস্টে প্রশংসাসূচক মন্তব্য পাচ্ছি।
প্রশংসার পাশাপাশি সিনেমাটি নিয়ে ব্যতিক্রমী কিছু মন্তব্যও পেয়েছেন বলে জানান নির্মাতা। ‘মায়া শালিক’ খ্যাত এ নির্মাতা বলেন, ‘কনটেন্টটা যে আমার ব্যক্তিজীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি, এটার জন্য অনেক সাধুবাদ পাচ্ছি। অনেকের কাছেই ভালো লেগেছে। এরকম কনটেন্ট (নিজের ব্যক্তিগত জীবনের গল্পে) খুব বেশি একটা হয়নি আমাদের এখানে। হয়তো বা এটাই প্রথম। এই বিষয়টাই দর্শকদের অনেক চমকিত করেছে। আরেকটি বিষয়ে মন্তব্য পেয়েছি, বর্ণবাদ নিয়ে। এই বিষয় নিয়েও এর আগে কাজ হয়নি আমাদের এখানে। দেশের বাইরে আমাদের মানুষরা যে বর্ণবৈষম্যের শিকার হন, এরকম কোনো কাজ হয়নি। এটাকে সাধুবাদ জানাচ্ছেন দর্শকরা। আর এটা তারকানির্ভর কনটেন্ট নয় যে কেউ বলবে, আমার ভাই ফাটিয়ে ফেলেছে, আমার আপু ফাটিয়ে ফেলেছে। এখানের প্রত্যেকেই খুব ভালো করেছেন এবং প্রশংসিত হচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, লিড নয় এরকম একটি চরিত্রে ইরফান সাজ্জাদ খুবই ভালো করেছে এবং তার প্রশংসায় পঞ্চমুখ সবাই।’
‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মটি শিহাব শাহীনের নিজের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত। এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, তাসনিয়া ফারিণ, ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডল, জন ক্রস প্রমুখ।