রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে সব সময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে, অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিতও হয়। তবে আমাদের দলের যারা পদধারী স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া-বোয়ালখালি আংশিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন ঘোষণা করেছে এবং তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ৭ই জানুয়ারি যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, এতে বিএনপি হতাশ হয়ে গেছে।
মন্ত্রী বলেন, বিএনপি এখন দৈব-দুর্বিপাকের ওপর নির্ভর করছে, এ ধরণের ঘোষণা দিয়ে নিজেদের হাস্যাস্পদ করে তুলেছে। সরকারের পতন নিয়ে তো বহুদিন ধরে বিএনপি দিনক্ষণ ঘোষণা করে। তারা বলে অমুক দিন সরকারের পতন হবে। গত বছর ৩০ ডিসেম্বর দিনক্ষণ ঘোষণা করেছিল। এ বছর ২৮ অক্টোবরও দিনক্ষণ ঘোষণা করেছিল। এভাবে ঘোষণাটাই একটি সন্ত্রাসী ঘোষণা।
বিএনপির পক্ষ থেকে বিদেশী থাবার যে কথা বলা হচ্ছে এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতা-সংগ্রামের সময়েও বিদেশী থাবা ছিল, আমাদের উন্নয়ন-অগ্রগতির সময়েও বিদেশী থাবা আছে। এখন যখন দেশ এগিয়ে যাচ্ছে তখনও বিভিন্ন দেশী-বিদেশী চক্র নানা ষড়যন্ত্র করছে। তবে আমাদের সরকারের নীতি হচ্ছে, কারো সঙ্গেই বৈরিতা নয়, সবার সঙ্গে মিত্রতা। সেই নীতি নিয়েই আমরা কাজ করি এবং আমাদের সঙ্গে সকল দেশের ভালো সম্পর্ক। আমরা আমাদের সকল উন্নয়ন সহযোগীদের সহযোগিতা নিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চিশতি, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরীসহ অনেকে।