বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
প্রথমবারের মতো টেস্টের নেতৃত্ব পেয়ে দারুণ এক রেকর্ড গড়েন শান্ত। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ ১৪২ রান। টাইগাররা ম্যাচটি জিতেছে ১৫০ রানের ব্যবধানে। এক টেস্ট জিতেই নির্ভার থাকতে চায় না বাংলাদেশ। শান্ত জানালেন, এখনো অনেক দূর যাওয়ার বাকি।
সিলেটের ভুলগুলো এখানেই মুছে ফেলে ঢাকায় নতুন উদ্যমে মাঠে নামার প্রত্যয় শান্তর। ম্যাচ জয়ের পর সিরিজ জয়ে চোখ তার। কাজটা করতে পারলে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় অর্জন হবে বাংলাদেশের।
সিলেট টেস্টের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কোনো জয় ছিল না। সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসদের মতো খেলোয়াড়দের ছাড়াই জিতেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। টাইগারদের লক্ষ্য ঢাকা টেস্টেও জয় তুলে নেওয়া। এর আগে কাজ শেষ হচ্ছে না বলেই জানালেন অধিনায়ক শান্ত।
কিউইদের বিপক্ষে জয়ের পর ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত বলেন, ‘আমি এখন পরের টেস্টের কথা চিন্তা করছি। আমার জন্য, অর্ধেক কাজ শেষ হয়েছে। আরও অনেক দূর যাওয়া বাকি।’
সিলেট টেস্টের জয়ে প্রত্যেককে ক্রেডিট দিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘প্রত্যেক প্লেয়ারের অবদান রয়েছে। তাইজুল, মিরাজ, শরিফুল, নাঈম; খুব ভালো বল করেছে। আমরা সবাই ম্যাচটা উপভোগ করেছি। ফল নিয়ে চিন্তা করছি না। কেবল প্রক্রিয়াটা অনুসরণ করছি।’