শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
রাজধানীতে নাশকতার তিন মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপির ৪৭ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এসব মামলার রায় ঘোষণা করেন।
এরমধ্যে তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১৪ বিএনপি নেতাকর্মীকে পেনাল কোডের ৪৩৫ ধারায় দোষী সাব্যস্ত করে ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, সরকারের পদত্যাগের দাবিতে নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ।
বিএনপি নেতা মজনুসহ ১৩ নেতাকর্মীকে কারাদণ্ড:
২০১৮ সালের রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপির ১৩ নেতাকর্মীকে ২ বছরের ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩৫৩ ধারায় এ কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা আহসান হাবিব হীরা, আবদুল্লাহ জামান আদিত্য চৌধুরী, আলমগীর হোসেন আজাদ, গিয়াস উদ্দিন মানিক, বদরুল আলম সবুজ, সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ ভাসানী চাকলাদার, মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বনানী থানার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীর কারাদণ্ড: রাজধানীর বনানী থানার নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে দুই ধারায় ১ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধির ১৪৩ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪২৭ ধারায় দেড় বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মো. আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান, শাহজাহান সরকার, মোহাম্মদ মাহমুদুল হাসান আল মামুন, হাজী সৈয়দ আহমেদ মনজুর হোসেন, মো. ইমাম হোসেন, মো. সেলিম আহমেদ রাজু, শাহজাহান বাবুর্চি, মিজানুর রহমান আক্তার, মোহাম্মদ রেজাউর রহমান ফাহিম। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত অপর এক আসামিকে খালাস দিয়েছেন বিচারক। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে পুলিশ এ মামলাটি দায়ের করে।