শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শুরু হয়েছে বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে তিনদিনের ‘নন-ফিকশন বইমেলা’। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অনুষদ প্রাঙ্গণে এ মেলার শুভ সূচনা হয়।
প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নন-ফিকশন বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন।
মেলায় প্রকাশকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। বক্তব্য রাখেন ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাসেম ফজলুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
মেলায় বণিক বার্তা প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। এর একটি হলো আনু মুহাম্মদের ‘চীন: পরাশক্তির বিবর্তন’, অন্যটি ‘নির্বাচিত সিল্করুট’।
আগামী বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ বইমেলা।
মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র্যাফেল ড্রর আয়োজন। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার।
এ বছর প্রথমবারের মতো ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে মেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৩ এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেয়া হবে।
এ বছর মোট ৪১টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লিমিটেড, ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জার্নিম্যান বুকস, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, তাম্রলিপি, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, রকমারি, শ্রাবণ প্রকাশনী, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ ও স্বরে অ।
আগামী ২৮ ডিসেম্বর বেলা ৩টায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।