মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
গত বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। তবে এবার আইএফএফএইচএস-এর প্রকাশিত বর্ষসেরা পুরস্কারটা জিততে পারেননি এলএমটেন। এ বছর আইএফএফএইচএস-এর বর্ষসেরা পুরস্কার জিতেছেন নরওয়ের আর্লিং হাল্যান্ড।
২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের নাম প্রকাশ করে আইএফএফএইচএস। যেখানে মেসি-এমবাপেকে পেছনে ফেলে এই পুরস্কার জয় করে নেন গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো নরওয়ের তরুণ স্ট্রাইকার হাল্যান্ড। সেরা ফুটবলারের চ‚ড়ান্ত তালিকায় এমবাপে দ্বিতীয় ও মেসি হয়েছেন তৃতীয়। আইএফএফএইচএস প্রকাশিত বর্ষসেরা ১০ গোলদাতার তালিকায়ও নেই মেসির নাম।
মঙ্গলবার রাতে প্রকাশিত সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আরেক ম্যানচেস্টার সিটির ফুটবলার এদেরসন। তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ এবং বেলজিয়ামের থিবো কোর্তায়াকে। এদিকে আইএফএফএইচএস-এর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ বছর মেয়েদের উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। এবারই প্রথম নরওয়ের ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হাল্যান্ড। চ‚ড়ান্ত ভোটের পর হাল্যান্ডের ধারেকাছেও ছিলেন না এমবাপে ও মেসি। হাল্যান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট। এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিশ্চিয়ানো রোনালদো আইএফএফএইচএস-এর বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও ছিলেন না।