মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ফেরার ম্যাচে নাদালের হার

নিতম্বের চোট কাটিয়ে প্রায় এক বছর পর কোর্টে ফিরেছেন রাফায়েল নাদাল। প্রত্যাবর্তনটা যদিও সুখকর হয়নি। ব্রিজবেন ইন্টারন্যাশনালে দ্বৈতের লড়াইয়ে হেরে গেছেন স্প্যানিশ তারকা। তবে চোটের কোনো প্রভাব তার খেলায় দেখা যায়নি।

আগামী ১৪ জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফিরবেন নাদাল। সেটিরই প্রস্তুতি চলছে এখন। বছরের শুরুতে এই অস্ট্রেলিয়ান ওপেনেই দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া ম্যাচে নিতম্বে চোট পান ২২ বারের গ্র্যান্ড সø্যাম জয়ী। এরপর জুনে হয় তার অস্ত্রোপচার।

নাদাল ৩৪৭ দিন পর রোববার ব্রিজবেনের কোর্টে নামেন মার্ক লোপেসের সঙ্গে জুটি বেঁধে, যাকে সঙ্গে নিয়ে তিনি ২০১৬ অলিম্পিকে সোনা জিতেছিলেন। এই জুটি ৬-৪, ৬-৪ গেমে হেরে যায় অস্ট্রেলিয়ার ম্যাক্স পার্সেল ও জর্ডান থম্পসন জুটির কাছে।

নাদালের ফেরার ম্যাচ নিয়ে অন্যরকম উত্তেজনা বিরাজ করছিল ভক্ত-সমর্থকদের মনে। গ্যালারিতে চরম উত্তেজিত দেখায় দর্শকদের। কারণ বয়স ৩৭ ছাড়ানো এই টেনিস তারকা তার ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। এই সময়ে অনেকেই র‌্যাকেট তুলে রাখেন। সেখানে চোট কাটিয়ে ফের কোর্টে নামেন নাদাল। স্পেনের পতাকা থেকে শুরু করে নাদালের জন্য বিশেষ বার্তা নজরে পড়ে গ্যালারিতে। ম্যাচ শেষে নাদাল কোর্ট ছেড়ে বেরোনোর সময় ভক্তরা দাঁড়িয়ে অভিবাদন জানান।

একই দৃশ্যের দেখা মিলতে পারে আগামী মঙ্গলবার, যখন এককের লড়াইয়ে বাছাই ডমিনিক টিমের মুখোমুখি হবেন।

২০১৮ ও ২০১৯ সালের ফরাসি ওপেনের ফাইনালে টিমকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিলেন নাদাল। সব মিলিয়ে ৩০ বছর বয়সি অস্ট্রিয়ান তারকার বিপক্ষে ৯-৬ ব্যবধানে এগিয়ে আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com