বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি২০ জিতেছে বাংলাদেশ। এরপরে সিরিজ জয়েরও সুযোগ এসেছিল টাইগার বাহিনীর সামনে। তবে সিরিজের শেষ ম্যাচ হেরে সেই সুযোগ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। এ দিকে ১-১ এ ড্র হওয়া সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম। ফল হিসেবে হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার।
বাংলাদেশের বাঁহাতি পেসার স্মরণীয় সিরিজে গড়েছেন একটি রেকর্ডও। কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করছেন তার দলে এখন শরিফুলই সবচেয়ে সেরা। শেষ হওয়া তিন ম্যাচের টি২০ সিরিজে ৬ উইকেট নেন শরিফুল। তার আগে ওয়ানডে সিরিজে নেন ৭ উইকেট।
রোববার অল্প পুঁজি নিয়ে লড়াই করার ম্যাচে ১৭ রানে ২ শিকার তার। গ্লেন ফিলিপসের পর আউট করেন ফিন অ্যালেনকে। অ্যালেনকে আউট করে একটি রেকর্ডও হয়ে যায় শরিফুলের।
টি২০তে ৯ বারের দেখায় ৬ বারই অ্যালেনকে আউট করলেন তিনি। এই ৬ আউট এলো মুখোমুখি দেখা হওয়া টানা ছয় ম্যাচে। ২০২১ সালে নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফর করলে মিরপুরে অ্যালেনকে আউট করেন তিনি। পরের বছর বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডে দুই ম্যাচে দুবার ফেরান অ্যালেনকে। এবার তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই শরিফুলের শিকার অ্যালেন।
আন্তর্জাতিক টি২০তে দুশমন্ত চামিরা আর রুয়ান্ডার মার্ক আকায়েজুরও আছে এই রেকর্ড। চামিরা রোহিত শর্মাকে ছয়বার আর আকায়েজুর তানজানিয়ার ইভান সেলেমানিকে ছয়বার আউট করেন। তবে শরিফুল তাদের থেকে ভিন্ন। তিনি আউট করলেন টানা ছয় বার, যা অনন্য।
শুধু অ্যালেনকে ‘বানি’ বানানোই নয়, শরিফুল পুরো সিরিজজুড়ে দেখিয়েছেন নিজের দাপট। বাঁহাতি পেসে নিয়মিতই বাংলাদেশকে এনে দিয়েছেন ভালো শুরু। বিশ্বকাপের পর কিউইদের সঙ্গে টেস্টেও ভালো করতে দেখা গেছে তাকে।
সিরিজ শেষে বাঁহাতি পেসারের প্রশংসায় মাতলেন হাথুরুসিংহে, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম তিন ফরম্যাটেই সম্প্রতি সে আমাদের জন্য অসাধারণ। ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। এখন সে সেরা বোলার।’
মাউন্ট মঙ্গানুইয়ে রোববার তৃতীয় ও শেষ টি২০তে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। এরপরে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নিউজিল্যান্ড এবং তখনই শুরু হয় বৃষ্টি। পরে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় কিউইরা।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়। এই সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম।
টি২০ সিরিজের প্রথমটিতে ৩ উইকেট পেয়েছিলেন শরিফুল। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হলেও তিনি পেয়েছিলেন ১ উইকেট। আর শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম লেখান এই টাইগার পেসার।