বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শ্রীলংকার নতুন টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা

দিমুথ করুনারত্নের অধ্যায় শেষ হলো। শ্রীলংকা টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন ৩২ বছর বয়সী ধনাঞ্জয়া ডি সিলভা। ফলে এক সপ্তাহের মধ্যে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল শ্রীলংকা। এর আগে কুশল মেন্ডিসকে ওয়ানডে ও হাসারাঙ্গা ডি সিলভাকে টি২০ দলের নেতৃত্ব দেয়া হয়। প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা আজ ইএসপিএনক্রিকইনফোকে এ কথা নিশ্চিত করেন।

করুনারত্নে ২০১৯ সালে টেস্ট দলের নেতৃত্ব পান। সেই থেকে তিনি ৩০টি টেস্টে দলকে নেতৃত্ব দেন। অধিনায়ক হিসেবে ১২টি টেস্ট জিতেছেন, হেরেছন সমান ১২টি। তার সময় দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জিতেছে সিংহলিজরা। ২০১৯ সালে কুশল পেরেরার বীরত্বে সিরিজ জিতেছিল দ্বীপদেশটি। যা কিনা এশিয়ার প্রথম দল হিসেবে ও সব মিলে বিশ্বের তৃতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের নজির।

ধনাঞ্জয়া ডি সিলভা এখন পর্যন্ত ৫১টি টেস্ট খেলেছেন, সেঞ্চুরি করেছেন ১০টি আর ফিফটি ১৩টি। উইকেট নিয়েছেন ৩৪টি। ৬ ফেব্রুয়ারি টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটবে তার। সেদিন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে শ্রীলংকা।

তাকে অভিনন্দন জানিয়ে সদ্য সাবেক অধিনায়ক করুনারত্নে ফেসবুকে লিখেছেন, ‘ধনা, সাম্প্রতিক বছরগুলোতে আমি তোমাকে বেড়ে উঠতে ও পরিপক্ক হয়ে উঠতে দেখেছি। এখন তুমি স্মার্ট আর অসাধারণ এক খেলোয়াড়। তুমি ঠান্ডা মাথার আর দারুণ এক ক্রিকেট মস্তিষ্কের অধিকারীও। আমি খুবই আত্মবিশ্বাসী যে, শ্রীলংকা টেস্ট দল একটি নিরাপদ হাতে পড়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com