বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
এজাহারে নাম থাকার পরও গ্রেফতার না দেখানো ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ সোমবার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৩ ডিসেম্বর এ ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে বিষয়টি অবহিত করি। আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এরপর আমরা আবারো সিএমএম আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য এ তারিখ ঠিক করেন। আশা করি, ওইদিন (৯ জানুয়ারি) তার জামিন মঞ্জুর হবে।’
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানায় এসব মামলা করে পুলিশ। পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা, গাড়ি ভাংচুর, পুলিশকে মারধর, অস্ত্র ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়াসহ নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।
পরদিন সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর পুলিশের মামলায় গ্রেফতার দেখিয়ে রাতে তাকে আদালতে নেয়া হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান। তখন থেকে কারাগারে রয়েছেন বিএনপি মহাসচিব।