মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান এবার নতুন পরিচয় পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো। এর পরই তিনি মাঠে নেমে পড়েছেন, লক্ষ্য আসন্ন বিপিএল আসরের আগে নিজেকে প্রস্তুত রাখা। তবে এত দ্রুত কেন মাঠে নেমে পড়লেন সাকিব, সেই আলোচনাও উঠেছে। আজ (মঙ্গলবার) অনুশীলন শেষে তার জবাবও দিয়েছেন তিনি।
বিপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলার ব্যাপারে সাকিবকে আশাবাদী মনে হলো। রংপুরের মতো সাকিবেরও বিপিএল নিয়ে একটাই লক্ষ্য—শিরোপা জেতা। তাঁর কথা, ‘রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, ইয়ে (চ্যাম্পিয়ন) ছাড়া? স্বাভাবিকভাবেই তাদের দলটা ভালো আছে। আমার মনে হয়, ভারসাম্যপূর্ণ দল। একই সঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর রাইডার্স প্রতিবছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে, এ বছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে।’ সাকিব রংপুরের নেতৃত্বে থাকবেন কি না, এ ব্যাপারে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি, ‘এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সব সময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সবকিছু পরিকল্পনা করে।’
জাতীয় দলের অধিনায়কত্বও নিয়েও বিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন সাকিব, ‘এগুলো নিয়ে এখনো কথা হয়নি। তবে বোর্ডের সঙ্গে কথা হবে। তখন আলোচনা হবে। এরপর সবাই মিলে যেটা ভালো মনে করবে, সেটাই সিদ্ধান্ত নেবে। আর এই প্রশ্নের উত্তর আমি মোটামুটি ৮-১০ বার দিয়েছি।’
এ বছরটা যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের, ২০ ওভারের টুর্নামেন্ট নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছেন সাকিব। টি-টোয়েন্টি দল যেহেতু ভালো করছে, সাকিবও বিশ্বকাপ নিয়ে আশার কথা শোনালেন, ‘টি-টোয়েন্টি সংস্করণ আমরা শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউজিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। তো আমাদের সুযোগ আছে।’