বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দুদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সকালে গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে রওনা হচ্ছেন তিনি। টানা চতুর্থবার সরকার গঠনের পর সরকারপ্রধান হয়ে রাষ্ট্রীয় সফরে এই প্রথম টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে ও কোটালীপাড়ায় কর্মি সভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শনিবার (আজ) টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে কর্মী সভায় বক্তব্য রাখবেন। পরদিন কোটালীপাড়ায় কর্মী সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুইদিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সড়কপথে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী। তার এ সফর কেন্দ্র করে জেলার সর্বত্র নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তার দুইদিনের সফরের প্রথম দিন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
আজ বিকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ও যোগ দেবেন মতবিনিময় সভায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে। আজ তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওইদিন তিনি আবার সড়কপথে ঢাকায় ফিরে যাবেন।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সংবাদমাধ্যমকে বলেন, ‘শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন। তিনি যেমন কৃতজ্ঞতা জানাবেন। জনগণও তেমনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।’
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। তার আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ও সাধারণ মানুষ খুশি।’
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’