মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মারুফের ৫ উইকেট বিফলে, হারল বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হার দিয়ে সূচনা করল বাংলাদেশ। আজ শনিবার দক্ষিণ আফ্রিকার ব্লোয়েমফন্টেইনে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৮৪ রানে হেরেছে বাংলাদেশের যুবারা।

সদ্যই এশিয়া কাপজয়ী বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায় বড় আশা নিয়ে। মাহফুজুল হক রাব্বীর দল ভারতকে হারিয়ে শুভসূচনা করতে চেয়েছিল। যদিও তাদের প্রত্যাশামতো জয় আসেনি। বাংলাদেশকে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই পর্যুদস্ত করে ভারতীয় যুবারা।

টস জিতে বোলিং বেছে নেয়া বাংলাদেশ প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিতে ব্যর্থ হয়। উদয় সাহারানের নেতৃত্বাধীন দলটি নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫১ রান তোলে। ওপেনার আদর্শ সিং ৯৬ বলে ৭৬ ও অধিনায়ক উদয় ৯৪ বলে ৬৪ রান করেন। বাংলাদেশের বামহাতি পেসার মারুফ মৃধা ৪৩ রানে পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া রিজওয়ান চৌধুরী ও রাব্বী একটি করে উইকেট নেন।

মারুফ মৃধার অনবদ্য বোলিং বিফলেই যায়। বাংলাদেশের ব্যাটাররা ২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের ইনিংসের আয়ু ছিল ৪৫.৫ ওভার। শিহাব জেমস দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ৭৭ বলের মোকাবেলায়। এছাড়া আরিফুল ইসলাম ৪১ রান করেন। ভারতের সৌম্য পান্ডে ২৪ রানে চারটি ও মুশির খান ৩৫ রানে দুটি উইকেট নেন। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন আদর্শ সিং।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সর্বোচ্চ পাঁচবার (২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২) শিরোপা জিতে সফলতম দলও তারা। বাংলাদেশ একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ২০২০ সালে। সেবার ফাইনালে ভারতকে হারায় বাংলাদেশ। এছাড়া অস্ট্রেলিয়া তিনবার (১৯৮৮, ২০০২ ও ২০১০), পাকিস্তান দুবার (২০০৪ ও ২০০৬) এবং দক্ষিণ আফ্রিকা (২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৬) ও ইংল্যান্ড (১৯৯৮) একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।

যুব বিশ্বকাপে আজ আফগানিস্তানকে ১৮১ রানে হারায় পাকিস্তান, স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। সোমবার ব্লোয়েমফন্টেইনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com