শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে অর্থাৎ আগামীকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে বড় শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিশেষ করে রাজধানীতে বড় জমায়েত করে নতুন নির্বাচনের পক্ষে জনমতের বিষয়টি দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে জানান দিতে চায় দলটি। এজন্য পূর্বঘোষিত আগামীকালের কালো পতাকা মিছিলের কর্মসূচি সফলে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আর প্রথম অধিবেশন বসবে আগামীকাল ৩০ জানুয়ারি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওইদিন বেলা তিনটায় এ অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনকে কেন্দ্র করেই দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন পরবর্তী প্রতিকূল অবস্থা কাটিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির পরিবর্তে নিরীহ গোছের কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাচ্ছে দলটি। এজন্য গত ২৬ ও ২৭ জানুয়ারির পর আগামীকালও কালো পতাকা মিছিলে কর্মসূচি পালন করবে তারা। এদিন রাজধানীতে বড় শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেও কাজ করছেন সংশ্লিষ্টরা। কালোপতাকা মিছিল সফল করতে এরই মধ্যে দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা। সংসদ অধিবেশনের প্রথম দিনে বড় জমায়েত করতে প্রত্যেক ইউনিট নেতাকর্মীদের পৃথকভাবে দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
কালো পতাকা মিছিলের মাঠ পর্যায়ের প্রস্তুতির বিষয়ে ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক বলেন, নেতাকর্মীদের মনোবল এখনো সুদৃঢ় আরও শক্ত। যে কোনো কর্মসূচি পালনে তারা সব সময়ের প্রস্তুতি নিয়ে আছেন। ‘ফ্যাসিবাদ’ সরকারের বিরুদ্ধে তাদের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে মঙ্গলবারের কর্মসূচি অনেক গুরুত্বপূর্ণ। এদিন নেতাকর্মীদের ঢল নামবে। কর্মসূচি পালনে প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে। দুপুর ২টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, দলের হাজার হাজার নেতাকর্মীর জামিন প্রক্রিয়া ভালোভাবে এগুচ্ছে। নেতাকর্মীরা মুক্তি পেলে আগামী মাসে ফের কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে ফেরার ভাবনাও আছে বিএনপিতে। কর্মসূচি নির্ধারণে বিএনপির উচ্চ পর্যায়ে প্রায় প্রতিদিন বৈঠক হচ্ছে। মঙ্গলবারের কালো পতাকা মিছিল থেকে ফের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।