মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশ।
আর এ চুক্তিকে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার সচিবালয়ে এ চুক্তিতে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং আইটিএফসির সৌদি আরবের প্রধান অপারেশন কর্মকর্তা নাজিম নূরদালি।
এসময় নসরুল হামিদ বলেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির সহায়তায় এতোদিন শুধু মাত্র জ্বালানি তেল কেনা হতো। তবে এবার ঋণের ৫০০ মিলিয়ন ডলার গ্যাস এবং বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে।
এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তবে দেশীয় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বাড়ানোর সাথে সাথে তেল-গ্যাস সমৃদ্ধ দেশসমূহের সহযোগিতা নেয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান নসরুল হামিদ।