রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ বৃহস্পতিবার নির্ধারিত ৯০ মিনিট ও এরপর পেনাল্টি শুটআউটে বাংলাদেশকে হারাতে পারেনি ভারত। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-১ গোলে সমতায় থাকা ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে ১১ শট শেষে ১১-১১ গোলে সমতায় ছিল। এরপর রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তে টস কয়েনে দুই দলকে আলাদা করা হয়, যাতে ভাগ্য পরীক্ষায় ভারত জয়লাভ করে।
কয়েন টসে হেরে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। অন্যদিকে, ভারতীয় কিশোরীরা বিজয় উল্লাসে মেতে ওঠে। অনেক আলোচনা, তর্কের পরও রেফারিরা সিদ্ধান্ত থেকে সরে আসেননি। অর্থ্যাৎ ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো ভারত।
চার দলের এই আসরে রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও ভারত ফাইনালে ওঠে। রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ গোলে হারায় ভারত। আজও আফিদা খন্দকারের দল মাঠের লড়াইয়ে হার মানেনি। তবে হার মানল কয়েন টসের ভাগ্য পরীক্ষায়।
বয়সভিত্তিক সাফের এটা পঞ্চম আসর। আগে তিনবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ ফরম্যাটে, ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে ও ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ ফরম্যাটে শিরোপা জয় করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ ফরম্যাটে ভারতের কাছে ফাইনালে হেরে না গেলে চারে চার হতো বাংলাদেশের। এবার ঘরের মাঠে চতুর্থ শিরোপার অনেক কাছাকাছি গিয়েও হতাশা নিয়ে মাঠ ছাড়ল লাল-সবুজরা।