রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগ মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) মেলা শুরু হয়। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় ‘সুপণ্য সমাহার: পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগ মেলা ২০২৪’ শীর্ষক এ মেলা চলবে শনিবার পর্যন্ত।
আয়োজকরা জানান, ৩ দিনের এ মেলায় প্রকল্পের সহায়তাপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের ৭৭টি স্টলের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নকারী পিকেএসএফের ৪৭টি সহযোগী সংস্থার স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।
২০১৮ সাল থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’ বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের সহায়তাপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্যের প্রচার, প্রসার ও বাজার সংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত হয় এই মেলা। প্রকল্পের ৬৪টি উপ-প্রকল্পের আওতায় ৪৭টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ৩৭টি জেলার ৬৫ হাজারের বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পিকেএসএফ টেকসইভাবে দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সারা দেশে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বীকৃতি পিকেএসএফ গভীরভাবে অনুধাবন করে। এ লক্ষ্যে পিকেএসএফ বিভিন্ন চিন্তা চেতনা দ্বারা নতুন নতুন প্রকল্পের উদ্যোগ গ্রহণের মাধ্যমে দাতা সংস্তার সাথে টেকসই পরিবেশ তৈরি ও বাস্তবায়নে কাজ করে চলছে।
বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, সমাজের উন্নতির জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে, আগামী দিনের শিল্পপতি বেরিয়ে আসবে যাদের মেধা, মনন, দৃষ্টিভঙ্গি ও অদম্য শ্রমের দ্বারা হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, বিএসটিআই এর ওয়ানস্টপ সার্ভিস চালু আছে, পিকেএসএফ এর মাধ্যমে যারা উদ্যোক্তা আছেন তারা বিএসটিআই এর কাছে আসলে তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা সম্ভব হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। পরে ব্র্যান্ডিং শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন জানালা বাংলাদেশের এমডি তামজিদ সিদ্দিক স্পন্দন, এসইপি প্রকল্পের পরিচালক একেএম জহিরুল হক প্রমুখ।