শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ, বাজার মনিটরিংসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নের ফলে আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। রোববার (১১ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্ন উত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আহসানুল ইসলাম টিটু বলেন, বাজারে নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ কারসাজি ও মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়াতে পারবে না। তখন পণ্যমূল্য একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এ ব্যবস্থাটি নিশ্চিত করতে চাচ্ছে। এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষে সরকার টিসিবির মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ পাঁচ ধরনের পণ্য সরবরাহ করবে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে।
সরকারি দলের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোক্তাস্বার্থ সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং করা হয়। চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ১ জুলাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৫ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।