নগরকণ্ঠ ডেস্ক
- বুধবার ২০ মার্চ, ২০২৪ /
দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই বক্স অফিসে উঠেছিল ঝড়। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির আকাশচুম্বী জনপ্রিয়তা পেছনে ফেলে দিয়েছিল অনেক ছবিকেই। বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এটি। তারপর থেকেই ছবির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ বানানোর অপেক্ষায় যতটুকু না পরিচালক ছিলেন তার চেয়েও বেশি অপেক্ষায় এর দর্শক ও অনুরাগীরা।
এর আগে কয়েক দফা সিনেমাটির শুটিং পেছালেও সামনেই এটির মুক্তির তারিখ। এ কারণে বর্তমানে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। আর সেই শুটিংয়ের একটি দৃশ্য এখন ভাইরাল নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রাশমিকার পুষ্পার সেই পুরানো অবতার। পরনে লাল রঙের শাড়ি, খোঁপায় গোঁজা ফুল। আর সঙ্গে ভারী গহনা।
এদিকে শুটিং স্পটের চারপাশে উৎসুক জনতার ভিড়। সেই ভিড় সামাল দিতে সেটের কর্মরতরা এবং পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
ভিডিও দেখে অনেকে বলছেন, ভারতের অন্ধ্রপ্রদেশের জগন্তী উমা মহেশ্বরা মন্দিরে ‘পুষ্পা টু’ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে। আর সেখান থেকেই ফাঁস হয়েছে শুটিংয়ের এই ভিডিও ক্লিপ।
‘পুষ্পা’ সিনেমার চেয়ে ‘পুষ্পা টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে দাবি সিনেমা পুষ্পা টিম সংশ্লিষ্টদের। এ ছাড়া এবার সিনেমাটির বাজেটও প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি।
নির্মাতা সুকুমারের ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু আর্জুন ও রাশমিকার সঙ্গে আরও অভিনয় করছেন ফাহাদ ফসিল, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ। চলতি বছরের ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তির কথা রয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর।